আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু

প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৭:৩০:৩২

আবাসন সংকট নিরসনে, প্রশাসনকে ৫ দিন সময় দিলো ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য প্রশাসনকে ৫ দিন সময় দিয়েছে ডাকসু। আজ সোমবার দুপুর ১টায় রেজিস্ট্রার ভবনের সামনে বিক্ষোভ চলাকালে বিষয়টি তুলে ধরেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

এদিন শিক্ষার্থীদের মধ্যে হলের সিট বরাদ্দের দাবিতে রেজিস্ট্রার ভবনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ডাক দেয় ডাকসু। কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এ সময় ‘সিট আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘প্রথম বর্ষে বৈধ সিট করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এসময় ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ অভিযোগ করেন, তিন সপ্তাহ আগে উপাচার্যের কাছ থেকে সিট সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন।

ফরহাদ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আগামী শনিবারের মধ্যে যেসব শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেওয়া সম্ভব হবে না, তাদের জন্য আবাসন ভাতা বা উপবৃত্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। অন্যথায় ক্লাসে যাবে না প্রথম বর্ষের শিক্ষার্থীরা।’

কর্মসূচি থেকে উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে চারটি দাবি জানান তারা। এগুলোর মধ্যে রয়েছে-
১.২০২৫–২৬, ২০২৪–২৫ ও ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দের সার্কুলার দ্রুত প্রকাশ।
২.রেজিস্ট্রার ভবনের দায়িত্বে অবহেলা করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ডিজিটাল মনিটরিং চালু।
৩.৩০ এপ্রিলের মধ্যে আসন বরাদ্দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ।
৪.অনিয়মিত ও দীর্ঘমেয়াদি ‘প্রবীণ’ শিক্ষার্থীদের হল বরাদ্দ বাতিল।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এই নেতারা।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ