কক্সবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০২:০৮:০৬

কক্সবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

কেশবপুর প্রতিনিধি: “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো. আবুবকর সিদ্দিক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাসনীম জাহান, কক্সবাজার ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কালচারাল একাডেমির পরিচালক জনাব মং ছেলা, বর্তমান জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব মো. নাছির উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জনাব মো. আহসানুল হক এবং জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নাজমুল হাসান নাঈমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধন শেষে গণগ্রন্থাগারের পাঠকক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক জনাব মো. আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন সাবেক মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। আলোচনায় অংশ নেন মং ছেলা, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. নাছির উদ্দিন ও মো. আহসানুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব মো. মাসুদ রানা।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বইপাঠ, রচনা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় মোট ২১ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় কক্সবাজার সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রথম স্থান অর্জন করেন। এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানটি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ