ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ০৩:৪৬:৫৭

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

প্রজন্ম ডেস্ক: মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও সোনালি ধান কাটার প্রস্তুতি, কোথাও চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। ভালো ফলনের আশায় থাকা কৃষকদের এখন ব্যস্ত থাকার কথা ফসল ঘরে তোলার কাজে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে সেই আনন্দে ভাটা পড়েছে। পাকা ধান হেলে পড়া, কেটে রাখা ধান ভিজে যাওয়া এবং নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন মাগুরার কৃষকেরা।

গত বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর বৃষ্টিতে জেলার ৪ উপজেলার বিভিন্ন কৃষিজমিতে পানি জমেছে। কোথাও পাকা আমন ধান নিয়ে উদ্বেগ, আবার কোথাও আগাম শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চিন্তিত চাষিরা। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে আমন ধানের ফলন ও গুণগত মানের পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনেও ক্ষতির আশঙ্কা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরার চার উপজেলায় মোট ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদরে ২৩ হাজার ৬৬৫ হেক্টর, মহম্মদপুরে ১২ হাজার ৩৮৫ হেক্টর, শালিখায় ১৪ হাজার ৮৯০ হেক্টর এবং শ্রীপুরে ১১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় এবার হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ মেট্রিক টন ফলনের আশা করা হচ্ছে। সেই হিসাবে জেলায় মোট ৩ লাখ ৫৯ হাজার ২২৫ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন মাঠে পাকা ধান বাতাস ও বৃষ্টিতে হেলে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক কেটে রাখা ধান দ্রুত নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন। তবে বৃষ্টির কারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। সময়মতো রোদ না পেলে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও শ্রমিকসংকট কৃষকদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

আমন ধানের পাশাপাশি আগাম শীতকালীন সবজি নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। জেলার বিভিন্ন এলাকায় ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ এবং বীজতলা রয়েছে। বৃষ্টি দীর্ঘায়িত হলে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সবজির চারার গোড়া পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। সার, বীজ ও শ্রমিকের পেছনে বিনিয়োগ করা অর্থ তুলে আনার আগমুহূর্তে এমন পরিস্থিতি তাদের নতুন করে আর্থিক ঝুঁকিতে ফেলেছে।

মাগুরা সদর উপজেলার কৃষক মজনু মিয়া বলেন, সারা বছর পরিশ্রম ও পুঁজি খাটিয়ে আমন ধান ফলিয়েছি। ফলনও ভালো হয়েছিল। এখন কাটার মুখে বৃষ্টি ও দমকা বাতাসে ধান হেলে পড়ার ভয় হচ্ছে। কেটে রাখা ধান ভিজে গেলে এবং রোদ না পেলে আমাদের সব শেষ হয়ে যাবে।

মহম্মদপুর উপজেলার কৃষক সামাদ শেখ বলেন, মাঠে পাকা ধান রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ঠিকমতো কাটা ও মাড়াই করা যাচ্ছে না। শ্রমিকেরও সংকট রয়েছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে এবং ধানের ন্যায্য দাম না পেলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হবে।

শ্রীপুর উপজেলার কৃষক বাবলু শেখ বলেন, ধারদেনা করে সার-বীজের খরচ মিটিয়ে আমনের পাশাপাশি আগাম শীতকালীন সবজির আবাদ করেছি। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমলে সবজির চারা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফসল ঘরে তুলতে না পারলে পরিবার নিয়ে বড় বিপদে পড়ব।

আব্দুল্লাহ নামের আরেক কৃষক বলেন, কিছু জমিতে আমন ধান এবং কিছু জমিতে সবজি চাষ করেছি। ভারী বৃষ্টিতে সব ফসল নিয়েই দুশ্চিন্তায় আছি। আল্লাহ জানেন, শেষ পর্যন্ত কী হবে।

মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ৮০ শতাংশ ধান পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাকি পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার জন্যও প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, মাগুরা সদর, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর— এই ৪ উপজেলায় এবার ৬২ হাজার ৪৭৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৫৫ শতাংশ, অর্থাৎ সাড়ে ৩২ হাজার হেক্টর জমির ধান কাটা ও ঘরে তোলা সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে থাকা পাকা ধান এবং কেটে রাখা ধান নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। ক্ষতি এড়াতে পাকা ও কাটা ধান দ্রুত নিরাপদে ঘরে তোলার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ কাজে প্রতিটি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।

এ সম্পর্কিত খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল : গ্রাহকদের কাতারে হায়দার কবীর মিথুন

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান

৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের

এপেক সম্মেলনের বৈঠকে ‘ঘুমিয়ে পড়লেন’ প্রেসিডেন্ট ট্রাম্প

রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ নিয়ে আলোচনা

নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনও ছাড় নয়

রাজধানীতে চিরুনি অভিযানে নাহিদ-জ্যোতিসহ নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন গ্রেপ্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ