গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৩:২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

প্রজন্ম ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোর ৪টার সময় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসার সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। এর দুই মিনিট পর ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। 

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ