বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:১১:২৭

বিএনপির নির্বাচনী প্রচারের অভিযোগে ৬ সরকারি চাকরিজীবীকে শোকজ

প্রজন্ম ডেস্ক


প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া তাঁদের এ নোটিশ দেন।

নোটিশ পাওয়া ছয়জন হলেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন, জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ ও নেপাল চন্দ্র দাস এবং স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন। সরকারি চাকরি করেও তাঁরা প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সরকারি চাকরি করে এই ছয়জন বিএনপির পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করছেন বলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা শিবলী নোমানী সিভিল সার্জনের কাছে লিখিতভাবে অভিযোগ দেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ নভেম্বর ২০২৫ তারিখ প্রকাশিত প্রজ্ঞাপনের ২০ (খ) ধারা মোতাবেক সরকারি কর্মকর্তা/কর্মচারীর কোনো রাজনৈতিক সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণায় অংশগ্রহণ নিষেধ করা হয়েছে। ছয়জন সরকারি নির্দেশ অমান্য করেছেন। তাঁদের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, এর জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।


কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া বলেন, সরকারি বিধি অমান্য করে রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় তাঁদের শোকজ করা হয়েছে। পরবর্তী সময়ে এমন হলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ