প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০২:৩৯:১৭
প্রজন্ম ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় লোক নিয়োগ এবং ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।
জামায়াত প্রার্থী দাবি করেন, শুরু থেকেই রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ ছিল। তার অভিযোগ, নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দৃঢ়তা ও নিরপেক্ষতার ঘাটতি রয়েছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের এজেন্টদের কাছ থেকে ভোটগ্রহণ শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। তার ভাষায়, এটি একটি পাতানো নির্বাচন আয়োজনের ইঙ্গিত বহন করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
অভিযোগের বিষয়ে মালতী নগর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নূর ইসলাম বলেন, ফলাফল দ্রুত প্রস্তুতের সুবিধার্থে পোলিং এজেন্টদের অনুরোধে অগ্রিম স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই শিটে আমার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। তিনি বলেন, বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় সাংবাদিকদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সামনে তাৎক্ষণিকভাবে কাগজটি ছিঁড়ে ফেলা হয়েছে। বর্তমানে নতুন রেজাল্ট শিটে নিয়ম অনুযায়ী কাজ চলছে।
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। পৌর এলাকার তুলনায় ইউনিয়নগুলোতে ভোটার উপস্থিতি বেশি বলেও উল্লেখ করেন তিনি।
মালতীনগর কেন্দ্রের ঘটনায় তিনি ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে বলেন, দুইজন পোলিং এজেন্ট স্বাক্ষর করলেও একজন রাজি হননি। প্রিসাইডিং অফিসার কোনো শিটে স্বাক্ষর করেননি। অভিযোগ পাওয়ার পর আগের শিটগুলো সবার সামনে ছিঁড়ে ফেলে নতুন শিট দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে
স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির