নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

প্রকাশিত: ২৪ অগাস্ট, ২০২৬ ০২:০৩:২০

নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ জন 

প্রজন্ম ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (২৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি ৪ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ আসামি খালাস পেয়েছেন। ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নুসরাতের মা শিরীন আখতার মামলা করেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ দেওয়া হলেও তিনি রাজি হননি। 

এরপর ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে আগুন দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান সোনাগাজী থানায় মামলা করেন। তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায়ে ১৬ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

বিচারিক আদালতের রায়ের পর ২০১৯ সালের ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। এটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা পৃথক আপিল ও জেল আপিল করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি মাসে মামলাটির শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত সোমবার (২৪ আগস্ট) রায় ঘোষণার দিন ধার্য করেন।

নারী ও শিশু নির্যাতন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ জুন প্রধান বিচারপতি এ বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি ১৪ জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় ২৮ জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট ১৭ কার্যদিবস শুনানি হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিলিট করলেন’ প্রভোস্ট

জুলাইয়ে সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী : প্রসিকিউটর তামিম

রাজধানীতে অটো চালকদের অবরোধ

মানবতাবিরোধী অপরাধে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল

দুর্নীতির মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ