রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০২৬ ০৩:০৪:২৫

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রজন্ম ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে নির্বাচন কমিশন সচিবসহ মোট ২০ জন সহায়ক কর্মকর্তা ভোটগ্রহণের কাজে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যবস্থাপনায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ থেকে শুরু করে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের পুরো প্রক্রিয়ায় এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কোনো প্রার্থী বা তার পক্ষে প্রচার-প্রচারণা চালানো যাবে না। ভোটকেন্দ্রের ভেতরে কিংবা নির্ধারিত এলাকার মধ্যে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, প্রচার চালানো বা কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ।

ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে এ সময় প্রার্থীদের সমর্থকদেরও কোনো ধরনের প্রচারণা থেকে বিরত থাকতে হবে। ভোটার সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই গোপন ব্যালটে ভোট দিতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে।

তবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রকাশ্য ব্যালটে হওয়ায় কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা সরাসরি শনাক্ত করার যাবে। ফলে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট পড়েছে কি না, তা ভোটের ফলাফলে জানা যাবে।


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ