বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যকে শুভেচ্ছা জানাল রাবি শিক্ষক ফোরাম

প্রকাশিত: ১৭ অগাস্ট, ২০২৬ ০২:২০:০৫

বিএনপির স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যকে শুভেচ্ছা জানাল রাবি শিক্ষক ফোরাম

প্রজন্ম ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করায় দলটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একইসঙ্গে নবনিযুক্ত চার সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৭ আগস্ট) সকালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. গোলাম ছাদিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম।

বিবৃতিতে তাঁরা বলেন, “দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে।”

নবনিযুক্ত চার সদস্য তাঁদের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজনীতি, চিকিৎসা, পেশাজীবী অঙ্গন ও প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয় ঘটেছে।

খ্যাতিমান রাজনীতিবিদ, চিকিৎসক, পেশাজীবী ও অভিজ্ঞ আমলাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায় তাঁদের অভিনন্দন জানান ফোরামের নেতারা। একইসঙ্গে এ সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও বিশেষভাবে ধন্যবাদ জানান তাঁরা।

বিবৃতিতে রুহুল কবির রিজভীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বে ছিলেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন।

নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পরবর্তীতে দলের বিভিন্ন সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি একাধিক মামলায় কারাবরণ করেন।

অমান উল্লাহ আমান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন।

একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত এই বর্ষীয়ান রাজনীতিবিদ নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে খ্যাতিমান চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (বিএমএসআরআই) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। এর আগে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থায়ী কমিটির আরেক নবনিযুক্ত সদস্য মো. ইসমাইল জবিহউল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালনসহ দলের বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে ভূমিকা রাখেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
 

 

এ সম্পর্কিত খবর

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

জুলাইয়ের কঠিন দিনগুলোতে বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ