সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বিরোধীদলকে পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:২৪:২৩ || পরিবর্তিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:২৪:২৩

বিরোধীদলকে পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ

বিরোধীদলের সংসদ সদস্যরা কোন বিধিতে কী বলতে হয় বা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, তা অনেক সময় যথাযথভাবে করতে পারছেন না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

কর্মশালা করে বিরোধীদলকে পরিপক্ব করতে প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে তিনি আরও বলেন, সংসদ নেতা আমাদের প্রতিনিয়ত শেখাচ্ছেন, দিকনির্দেশনা দিচ্ছেন। তার নেতৃত্বে আমরা পরিপক্ব হচ্ছি। কিন্তু তিনি যেহেতু সংসদ নেতা, তাই তিনি পুরো সংসদেরই নেতা। এটি শুধু সরকারি দলের মধ্যে সীমাবদ্ধ থাকলে পার্লামেন্ট মহিমান্বিত হবে না। বিরোধীদলের সংসদ সদস্যরা কোন বিধিতে কী বলতে হয় বা কোন ইস্যুতে সোচ্চার হতে হয়, তা অনেক সময় যথাযথভাবে করতে পারছেন না। বিরোধীদলের সদস্যদের আরও শাণিত ও পরিপক্ব করতে প্রধানমন্ত্রী যদি কর্মশালা বা তাদের সান্নিধ্য দেয়ার উদ্যোগ নেন, তবে তা জাতির বৃহত্তর স্বার্থে কাজ করবে।

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠিত করেছেন।’ এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং সংসদীয় পদ্ধতির সরকার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে তার অবদানের কথা তুলে ধরেন।

তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের প্রশংসা করে মন্ত্রী আরও যোগ করে বলেন, ‘তার নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে।

১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, ১ হাজার ৪০০ জন শহিদ হয়েছেন। আমরাও জীবন দেয়ার জন্য প্রস্তুত ছিলাম বলেও তিনি দাবি করেন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ