‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৩:৫৭:৫৮

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

প্রজন্ম ডেস্ক: ‘জাতীয় নির্বাচনের ভোটে সংখ্যাগরিষ্ঠতার জোরে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ জনরায়কে বাস্তবায়নে বিএনপি গড়িমসি করছে’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, পাঁচ কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) খারিজ করে দিয়েছে। এখন সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই জনরায় উপেক্ষা করা হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে ধাবিত হবে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, সংকট বিএনপি তৈরি করেছে। ফলে এই সংকট তাদেরকেই সমাধান করতে হবে। সেই সমাধানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। পার্লামেন্টে সেশন চলছে। সেখানেই সমাধানের সুযোগ আছে বলে মনে করে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

‘সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’ এমন অভিযোগ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের মৌলিক বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল, গণভোটে দেশের পাঁচ কোটি মানুষ তা প্রত্যাখ্যান করেছে। জুলাই সনদে স্বাক্ষরকারী দল হিসেবে বিএনপির উচিত ছিল জনরায় মেনে নেওয়া। কিন্তু তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে এবং বৈঠক এড়িয়ে গিয়ে দেশে একটি কৃত্রিম সংকট তৈরি করেছে। এই সংকট নিরসনের চাবিকাঠি এখন বিএনপির হাতেই।

সরকারের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করে জামায়াত নেতা বলেন, সরকারের বয়স মাত্র এক মাস পার হলো। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলীয় নেতারা রাজপথের আন্দোলন দমনের হুমকি দিচ্ছেন। এটি আওয়ামী লীগের ভাষা, ফ্যাসিবাদের ভাষা। আপনারা যদি জনগণের অভিপ্রায় উপেক্ষা করেন, তবে আমাদের সামনে রাজপথ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। কিন্তু বিএনপি সেখানে ভিন্নমত দিয়ে প্রমাণ করেছে তারা আবারও কর্তৃত্ববাদী শাসন ও দুর্নীতির পথ সুগম করতে চায়।

জ্বালানি সংকট ও জনদুর্ভোগের বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে মাইলের পর মাইল লাইন লেগে আছে। অথচ পার্লামেন্টে মন্ত্রীরা বলছেন কোনো সংকট নেই। দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। কৃষিতে সেচ সংকট তৈরি হচ্ছে, যার প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামে। সরকার জনগণের ভাগ্য বদলের চেয়ে নিজেদের ভাগ্য বদলাতে বেশি ব্যস্ত।

ভোলার জামায়াতের নারী নেত্রীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, একটি ফেসবুক পোস্টের কারণে প্রতিবন্ধী সন্তানকে রেখে একজন নারীকে হাতকড়া পরানো চরম অমানবিক। এছাড়া ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব সার্জিস আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান অ্যাড. আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট

অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক

‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি

সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফুল-বাবর-গউছ

আবু সাঈদ হত্যায় অকাট্য প্রমাণ রয়েছে, কাঙ্ক্ষিত রায়ের আশায় প্রসিকিউশন

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

শিরিন শারমিন চৌধুরীকে লালবাগ থানার মামলায় গ্রেফতার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ