প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ০৩:৫৬:০০
প্রজন্ম ডেস্ক: সোনাদিয়ায় প্রাকৃতিকভাবে ১৮ মিটার গভীরতার একটি আন্তর্জাতিক মানের গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে ১৩ দশমিক ৪ মিটার ড্রাফটের ড্রেজিং-নির্ভর মাতারবাড়ি বন্দরকে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মাণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলেও কাঙ্ক্ষিত সক্ষমতা ও কৌশলগত সম্ভাবনা অর্জিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, ‘দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাংলাদেশকে এখন মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সোনাদিয়ায় প্রাকৃতিকভাবে ১৮ মিটার গভীরতার একটি বন্দর নির্মাণের সুযোগ ছিল। অথচ এখন ১৩ দশমিক ৪ মিটার ড্রাফটের একটি বন্দরের ওপর নির্ভর করতে হচ্ছে, যেখানে নিয়মিত ড্রেজিংয়ের প্রয়োজন হবে।’
রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের আয়োজনে ‘মাতারবাড়ি সমুদ্রবন্দর: ভূ-রাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল সংলাপে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আজাদ বলেন, ২০০৯ সালে কক্সবাজারের সোনাদিয়ায় প্রাকৃতিকভাবে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৮ মিটার প্রাকৃতিক গভীরতার কারণে সেখানে বড় মাদার ভেসেল সরাসরি ভেড়ানোর সুযোগ ছিল। এতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারতো। ২০১৪ সালে চীন এ প্রকল্পে অর্থায়নে প্রস্তুত থাকলেও আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক পরাশক্তির চাপের কারণে তৎকালীন সরকার প্রকল্পটি বাস্তবায়ন থেকে সরে আসে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, সোনাদিয়া প্রকল্প বাতিলের ক্ষেত্রে পরিবেশ, ইকোট্যুরিজম, কচ্ছপ ও পাখির আবাসস্থল এবং পলি জমার বিষয়গুলো সামনে আনা হয়েছিল। তবে এসবের আড়ালে মূলত আন্তর্জাতিক ভূ-রাজনীতি কাজ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারতো।
মাতারবাড়ি প্রকল্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি শুরুতে গভীর সমুদ্রবন্দর হিসেবে পরিকল্পিত হয়নি। মূলত ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানির জেটি ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ ছিল এটি। পরবর্তী সময়ে সোনাদিয়া প্রকল্প বাদ পড়ার পর মাতারবাড়িকে গভীর সমুদ্রবন্দরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সোনাদিয়ার ১৮ মিটার প্রাকৃতিক গভীরতার বিপরীতে মাতারবাড়ির ড্রাফট ১৩ দশমিক ৪ মিটার। ফলে পলি অপসারণ ও নিয়মিত ড্রেজিংয়ের ওপর এর সক্ষমতা নির্ভরশীল থাকবে।
হামিদুর রহমান আজাদ বলেন, ‘বন্দর না হওয়ার চেয়ে মাতারবাড়ি হওয়া অবশ্যই ভালো। কিন্তু যে সম্ভাবনা সোনাদিয়ায় ছিল, মাতারবাড়ি দিয়ে তা পূরণ হবে না। এটি আমাদের বড় ধরনের কৌশলগত সুযোগ হারানোর উদাহরণ।’
সোনাদিয়া বন্দর বাতিল, মাতারবাড়ি প্রকল্পের রূপান্তর, মহেশখালী-মাতারবাড়ি ফোর-পিলার মাস্টারপ্ল্যান এবং বঙ্গোপসাগরের ব্লু-ইকোনমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জাতীয় সংসদ ও জনগণকে অন্ধকারে রেখে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, একটি স্বাধীন দেশের ব্লু-ইকোনমি, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য এবং পরাশক্তিগুলোর সঙ্গে কৌশলগত ও প্রতিরক্ষা-সংক্রান্ত লেনদেনের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উন্মুক্ত আলোচনা ও জবাবদিহির মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। কিন্তু এসব বিষয়ে সংসদীয় অনুমোদন ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।
জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় রাজনীতি ও বিদেশি শক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে দেশের ভূ-অর্থনৈতিক ও প্রতিরক্ষাসংক্রান্ত স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এই গোলটেবিল আলোচনায় নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সাবেক মেজর জেনারেল আমসা আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মানবাধিকারকর্মী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ প্রমুখ।
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ
‘শহীদ জিয়া ও খালেদা জিয়ার সঙ্গে বর্তমান বিএনপির আদর্শিক অবস্থানের পার্থক্য রয়েছে’
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত- আইনমন্ত্রী
চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
জুলাই অভ্যুত্থানকে ঘিরে হীনমন্যতায় ভুগছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ
নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল, শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে?
গ্রামপুলিশের বেতন বাড়ল তিন হাজার টাকা: মহাসমাবেশে প্রধানমন্ত্রী