বিভাগীয় ৫ কেন্দ্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিলো পৌনে এক লক্ষাধিক শিক্ষার্থী

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫ ০২:৩৮:০২

বিভাগীয় ৫ কেন্দ্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিলো পৌনে এক লক্ষাধিক শিক্ষার্থী

প্রজন্ম ডেস্ক: উৎসব মুখর পরিবেশে সিলেট-ঢাকাসহ দেশের পাঁচ বিভাগীয় শহরে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিয়েছে প্রায় পৌনে এক লাখ শিক্ষার্থী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১০টায় ‘বি’ ইউনিটের এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের সম্পন্ন হয়। প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সিলেটের দু’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত শিক্ষকদের সাথে কথা বলেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর তত্ত্বাবধান করেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সাজেদুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে কেন্দ্রগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেন।

এবার ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ছয় হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১২ হাজার ৬৩৬ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পাঁচ হাজার ৫৬ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) তিন হাজার ১৪ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) এক হাজার ৪২৭ জনসহ মোট ৫৬ হাজার ৫৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন।

এছাড়া এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে কেন্দ্রে ছয় হাজার ২৭০ জন, ঢাবিতে ৩৪ হাজার ৩৬৯ জন, বেরোবিতে ছয় হাজার ১২ জন, যবিপ্রবিতে তিন হাজার ৭৮০ জন ও সিভাসুতে পাঁচ হাজার ৬২৭ জনসহ সর্বমোট ২৯ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটে পরীক্ষার জন্য এক হাজার ২৪২ জন শিক্ষার্থী আবেদন করেন।

শাবিপ্রবি ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির।

প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ