প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ০৩:৩৮:০২
প্রজন্ম ডেস্ক: বরিশালের বাবুগঞ্জে এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠার পর স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক সব পদ স্থগিত করেছে দলটি।
মঙ্গলবার (১৬ জুন) চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লার পদ স্থগিত করে ইউনিয়ন বিএনপি।
এর আগে গত সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় চাঁদা দাবিকে ঘিরে বিএনপির ওই দুই নেতাকে পিটুনি দেওয়ার ঘটনা ঘটে। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন (স্বপন) ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত নোটিশে বিএনপির সব কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দুই নেতাকে।
পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সব নেতাকর্মীকে যোগাযোগ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান জাকির মোল্লা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালু ব্যবসায়ী ও ওয়ার্ড বিএনপির সদস্য মো. জহিরুল ইসলামের কাছে বালু ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে আলোচনা চলছিল।
সোমবার রাত ৮টার দিকে জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় যেতে বলেন। নির্ধারিত সময়ে জাকির মোল্লা তার সহযোগী চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল লোক তাদের ঘিরে ধরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উত্তেজিত লোকজন জাকির মোল্লা ও তার সহযোগীকে পিটুনি দিয়ে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এক পর্যায়ে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর বিএনপির ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান জাকির মোল্লা বলেন, আমি কোনো চাঁদা দাবি করিনি। বালু ব্যবসা নিয়ে একসঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো চাঁদাবাজি কিংবা চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। দলের নাম ভাঙিয়ে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার পদ স্থগিত
জাবিতে হলে মাদক সেবন, দুই ছাত্রী বহিষ্কার
ভারতের বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তেজগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
ব্যর্থ পুশইনের চেষ্টা, সেই ১২ জনকে ফেরত নিল বিএসএফ
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
২ সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট