প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ০১:৪৯:২২
প্রজন্ম ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান শেষে নাহিদ ইসলামের প্রস্থানের পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।
এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে। অথচ আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সামনে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করলেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার পর্যন্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি তখন বলেছিলাম, বিরোধী দলের বাসা আগুনে জ্বলছে, আপনি দায়মুক্তি দিচ্ছেন; আগামীকাল দেখবেন আপনার বাসায় আগুন জ্বলবে। আমি যুক্তরাজ্যে আসার পর দেখলাম, দেশে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।
অনুষ্ঠান প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এমপি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান। ফেসবুক পোস্টে তিনি বলেন, আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
পোস্টে তিনি বলেন, দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নাহিদ ইসলাম আরও বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে। আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
‘মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন?
আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম
যেভাবে গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল, স্ত্রী খালাস
গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মীর লাশ নিতে আসেননি স্বজনেরা
পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর
‘প্রধানমন্ত্রীর উচিত বেগম জিয়ার সেই বক্তব্যকে ওসিয়তনামা হিসেবে গ্রহণ করা’
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
থানায় অবস্থানকালে ফোন করে ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি