প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৬:১৪
প্রজন্ম ডেস্ক: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বইটি ফেরত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বইটি উপহার দেওয়া নিয়ে সমালোচনা শুরুর পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার তাঁর দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার সচিবালয়ে বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁরা সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন উপহার দেওয়া হয়। এর মধ্যে ছিল হারারির লেখা ‘নেক্সাস’ বইটি।
এরপর বইটি উপহার হিসেবে দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন ইসলামি সংগঠনের পক্ষ থেকে আপত্তি ও সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ কয়েকটি সংগঠন বইটি নির্বাচনের বিষয়ে প্রশ্ন তোলে।
ইউভাল নোয়াহ হারারির ২০২৪ সালে প্রকাশিত বই ‘নেক্সাস: আ ব্রিফ হিস্ট্রি অব ইনফরমেশন নেটওয়ার্কস ফ্রম দ্য স্টোন এজ টু এআই’। বইটিতে প্রস্তর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত তথ্য, তথ্যের নেটওয়ার্ক এবং মানবসমাজ ও সভ্যতার বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে।
হারারি ইতিহাস, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সমাজ নিয়ে লেখালেখির জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার বিভিন্ন বই ও চিন্তাধারা নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও ধর্ম, ঈশ্বর ও মানবসভ্যতা বিষয়ে তার কিছু বক্তব্য ও দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্মীয় মহলে সমালোচনা রয়েছে।
ইসলামি সংগঠনগুলোর আপত্তির মূল জায়গা ছিল, কুরআনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনার মতো একটি বিশেষ অনুষ্ঠানে উপহার হিসেবে বইটি নির্বাচন কতটা উপযুক্ত ছিল। তাদের দাবি ছিল, অনুষ্ঠানের ধর্মীয় মর্যাদা ও হাফেজদের পরিচয় বিবেচনায় নিয়ে উপহার নির্বাচন করা উচিত ছিল।
সমালোচনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাফেজদের কাছ থেকে ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হলো। পাশাপাশি তাদের জন্য ঘোষিত অন্যান্য সহায়তা ও আন্তর্জাতিক সফরের প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।
জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার
সমালোচনার মুখে হাফেজদের দেওয়া বিতর্কিত বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত
জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি
জ্বালানি তেলের দাম একলাফে ২০টাকা বাড়াল সরকার
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ
সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়ে সভা বর্জন করছে এবি পার্টি